দর্শনায় শিক্ষার্থীদের সচেতনতা সভা অনুষ্ঠিত মাদক ও স্মার্টফোন আসক্তি থেকে দূরে থাকার শপথ

দর্শনা অফিস
দর্শনায় শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ ইন্টারনেট ব্যবহার ও মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে এক মতবিনিময় সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মেমনগর বিপ্রদাশ মাধ্যমিক বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ, চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একরামুল হক, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সংগঠনের কেন্দ্রীয় সদস্য রাসেল ইকবাল সেতু, জেলা শাখার সভাপতি জাহিদ হাসান, অর্থ সম্পাদক মো. আসিফ রেজা ও সদস্য আদনান সাকিব প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সময়ে ইন্টারনেট মানুষের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। তবে এর অপব্যবহার শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষ করে অনলাইন গেম আসক্তি, সাইবার অপরাধ ও অনৈতিক কনটেন্ট থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে পরিবার ও শিক্ষকদের সচেতন ভূমিকা প্রয়োজন।
পরে প্রায় ৩০০ শিক্ষার্থী স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার পরিহার, অশ্লীল ও অনৈতিক কনটেন্ট থেকে বিরত থাকা, সময়ের সঠিক ব্যবহার, নিরাপদ ইন্টারনেট চর্চা এবং মাদককে ‘না’ বলার অঙ্গীকার করে শপথ গ্রহণ করে।
অনুষ্ঠানে বক্তারা নতুন প্রজন্মকে মানবিক, দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।