স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার জীবননগরে ডিবি পুলিশের এক বিশেষ অভিযানে ৫৭৬ বোতল নেশা জাতীয় দ্রব্য ফেয়ারডিল জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার জীবননগর উপজেলার হাসাদহ বাজারে ভোরের দিকে অভিযান চালিয়ে এ সকল নেশা জাতীয় দ্রব্য জব্দ করা হয়। এসময় মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। আটককৃত আসামীদের কাছ থেকে ১টি প্রাইভেটকার ও ৪ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার কলাগাছিয়া গ্রামের কাদের হাওলাদারের ছেলে আলিম হোসেন (৩৬) ও বাবু জমাদারের ছেলে জনি (৪০)।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। ওই সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে ভোর পোনে ৬ টায় জীবননগর হাসাদহ বাজারের সামনে পাকা রাস্তার উপর নিয়মিত চেকপোস্ট বসায়। এ সময় একটি সন্দেহভাজন প্রাইভেটকার গতিরোধের সংকেত দিলে প্রাইভেটকার চালক গাড়ি থামিয়ে পালানোর চেষ্টা করে। ওই সময় গাড়িটির তল্লাশি করলে ৫৭৬ বোতল নেশা জাতীয় মাদকদ্রব্য ফেয়ারডিল জব্দ করা হয়। যায় আনুমানিক বাজার মুল্য ১৪ লাখ ৪০ হাজার টাকা।
এসময় পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, মাদক ও চোরাচালান অভিযানে এ বিপুল পরিমাণ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেয়ারডিল জব্দ করা হয়। একই সাথে জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
জীবননগরে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে প্রাইভেট কারসহ ৫৭৬ বোতল ফেয়ারডিল জব্দ, গ্রেফতার ২



