আলমডাঙ্গায় অবৈধ জ্বালানি তেল মজুদচক্রের ৪ সদস্য গ্রেফতার

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও কেনাবেচার সময় একটি তেলবাহী ট্রাকসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে সাড়ে ১১ হাজার লিটার ডিজেল ও পেট্রোল। গতকাল সোমবার রাত আড়াইটার দিকে আলমডাঙ্গা থানাধীন কয়রাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।
আটককৃতরা হলো, চুয়াডাঙ্গা সদরের দৌলতদিয়াড় মাঝেরপাড়ার মৃত বদর উদ্দিনের ছেলে লরি চালক মোঃ আলী হোসেন (৫৩), একই এলাকার মৃত আবু হোসেনের ছেলে হেলপার মোঃ মোজাম হোসেন (৪৫), দামুড়হুদা উপজেলার পীরপুর মাঝের পাড়ার মোঃ সানোয়ার হোসেনের ছেলে মোঃ রাহেন আলী (২৮) ও আলমডাঙ্গা কয়রাডাঙ্গার মোঃ শামসুল ইসলামের ছেলে তেল গ্রহীতা মোঃ টিটন আলী (৩৭)।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ গতকাল সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বড়গাংনী পুলিশ তদন্তকেন্দ্রের এসআই পবিত্র মন্ডল ও এএসআই মোঃ ইব্রাহীম হোসেনের নেতৃত্বে নিয়মিত রাত্রিকালীন টহল এবং বিশেষ অভিযান চলায়। এ সময় ভালাইপুর-হাটবোয়ালিয়া সড়কের পাশে টিটন আলী নামের এক ব্যক্তির তেল ও চালের দোকানের সামনে একটি তেলবাহী লরি (ঝিনাইদহ-ঢ-৪১-০০১১) থেকে অবৈধভাবে ব্যারেলে তেল আনলোড করা হচ্ছিল।
পুলিশের জিজ্ঞাসাবাদে লরি ও ব্যারেলে থাকা তেলের বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় চালক ও হেলপারসহ চারজনকে গ্রেফতার করা হয়। অভিযানে ট্রাক ও ব্যারেল মিলিয়ে মোট ২ হাজার ৮০০ লিটার ডিজেল এবং ৮ হাজার ৭০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে, তারা অধিক মুনাফার উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে অবৈধভাবে এই বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ করছিলেন। জেলা পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে আমরা এই চক্রটিকে হাতেনাতে ধরতে সক্ষম হয়েছি। এ ঘটনায় আরও দুইজন আসামী পলাতক রয়েছে, তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৩৫, তাং-৩০-০৩-২৬।
এদিকে গতকাল সোমবার বিকালে তেল আটকের ঘটনায় আলমডাঙ্গা থানায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস বিফ্রিং এ বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস আবু নাসের। তিনি বলেন আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পলাতক ২ জনকে আটক করতে সাড়াশি অভিযান চলছে। তদন্তের খাতিরে এখনই তাদের নাম প্রকাশ করা হচ্ছে না। জব্দকৃত তেল বিক্রি করে সরকারী কোষাগারে জমা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোস্তাফিজুর রহমান, থানার অফিসার ইনচার্জ বাণী ইসরাইলসহ থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।  

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।