স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া এলাকায় বিশ্বাস ফিলিং স্টেশনে স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে তেল বিক্রির অভিযোগে পাম্প ম্যানেজারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর থানাধীন আলুকদিয়া বাজারস্থ মেসার্স বিশ্বাস ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, পাম্পে তেল বিক্রির সময় দীর্ঘ সময় ধরে লাইনে অপেক্ষমাণ সাধারণ ক্রেতাদের উপেক্ষা করে সিরিয়াল ভঙ্গের মাধ্যমে পরিচিতজনদের অগ্রাধিকার দিয়ে তেল সরবরাহ করা হচ্ছিল। এতে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এ অভিযোগের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল নাঈম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় বিশ্বাস ফিলিং স্টেশনের ম্যানেজার হিসেবে দায়িত্বে থাকা মো. আল-বেলালকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নাঈম বলেন, অনেকেই রাত থেকে তেল নেওয়ার জন্য লাইনে অপেক্ষা করছিলেন। কিন্তু সিরিয়াল না মেনে এবং অনিয়মের মাধ্যমে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে তেল দেওয়ার অভিযোগ পাওয়া যায়। ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ায় আইন অনুযায়ী বিশ্বাস ফিলিং স্টেশনের ম্যানেজার হিসেবে দায়িত্বে থাকা মো. আল-বেলালকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে স্বজনপ্রীতি পরিহার করে নির্ধারিত নিয়মে সিরিয়াল অনুযায়ী তেল বিক্রি নিশ্চিত করতে বলা হয়েছে।
আলুকদিয়া বিশ্বাস ফিলিং স্টেশনে তেল বিক্রিতে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগে পাম্প ম্যানেজারকে ১৫ হাজার টাকা জরিমানা



