গাংনীতে ফিলিং স্টেশনে তেল আসার সাথে সাথেই বিতরণের নির্দেশ দিলেন এমপি নাজমুল হুদা

মেহেরপুর অফিস
মেহেরপুরে জ্বালানি তেল সংগ্রহ করতে ফিলিং স্টেশনগুলোতে সৃষ্টি হয়েছে দীর্ঘ লাইন। বিশেষ করে মোটরসাইকেলের সারি দুই কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এ পরিস্থিতি নিরসনে পাম্প মালিকদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য নাজমুল হুদা। গতকাল শনিবার ভোর ৪টা থেকে গাংনীর হোসেন ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেওয়ার জন্য মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন দেখা যায়। পাম্প এলাকা থেকে প্রায় দুই কিলোমিটার জুড়ে অসংখ্য মানুষ লাইনে দাঁড়িয়ে তেলের অপেক্ষা করছেন। তীব্র রোদ-গরম উপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকেই কাঙ্ক্ষিত পরিমাণ তেল পাচ্ছেন না। বর্তমানে প্রতি মোটরসাইকেলে ৩০০ টাকার পেট্রোল সরবরাহ করা হচ্ছে। লাইনে দাঁড়ানো সবাই শেষ পর্যন্ত তেল পাবেন কিনা, তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। এতে করে কর্মঘণ্টা নষ্ট হয়ে বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষরা। জনদুর্ভোগ কমাতে ফিলিং স্টেশনটি পরিদর্শন করেন সংসদ সদস্য নাজমুল হুদা।
পরিদর্শন শেষে তিনি ফিলিং স্টেশনের মালিক পক্ষকে নির্দেশনা দিয়ে বলেন, নির্দিষ্ট সময় ঘোষণা দিয়ে তেল বিক্রি করায় বিভিন্ন এলাকা থেকে মানুষ একসাথে এসে দীর্ঘ লাইনের সৃষ্টি করছে। তাই পূর্ব ঘোষণা না দিয়ে তেল আসার সঙ্গে সঙ্গেই বিতরণ করতে হবে। এতে করে লাইন দীর্ঘ হলেও সাধারণ মানুষের ভোগান্তি কিছুটা কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।