রাজু আহাম্মেদ, কার্পাসডাঙ্গা
আজ পবিত্র ২৮ রমজান। দোরগোড়ায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। খুশির এই উৎসবকে সামনে রেখে সীমান্তবর্তী ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র কার্পাসডাঙ্গায় জমে উঠেছে ঈদের কেনাকাটা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে প্রতিটি বিপণিবিতান।
রমজানের শুরু থেকে পোশাকের দোকানে ভিড় থাকলেও শেষ সময়ে এসে ক্রেতাদের মূল আকর্ষণ এখন জুতা এবং কসমেটিকসের দোকানগুলো। পোশাকের সঙ্গে মিলিয়ে মানাসই জুতা ও সাজগোজের সরঞ্জাম কিনতে তরুণ-তরুণী থেকে শুরু করে সব বয়সী মানুষ এখন ভিড় করছেন কার্পাসডাঙ্গা বাজারের মার্কেটগুলোতে।
এপেক্স, লিবার্টি, সম্রাট, জয়, চায়না সু সহ স্থানীয় ব্র্যান্ডের দোকানে তিল ধারণের জায়গা নেই। ক্রেতারা বলছেন পোশাক কেনা আগেই শেষ হয়েছে এখন শুধু মানানসই জুতা কেনা বাকি। মেয়েদের ভিড় সবচেয়ে বেশি কসমেটিকসের দোকানগুলোতে। চুড়ি, গয়না এবং প্রসাধনী সামগ্রীর বিক্রি গত কয়েক বছরের তুলনায় এবার কিছুটা বেশি বলে জানান বিক্রেতারা।
কার্পাসডাঙ্গা বাজারের সাব্বির স্টোরের স্বত্বাধিকারী কসমেটিকস ব্যবসায়ী আব্দুস সামাদ বলেন, শেষ সময়ের বেচাকেনায় আমরা দম ফেলার সময় পাচ্ছি না। বিশেষ করে ম্যাচিং করে চুড়ি আর কসমেটিকস নিতেই ভিড় বেশি হচ্ছে। জী রহমানিয়া মার্কেটের চায়না সু র স্বত্বাধিকারী আব্দুল আলিম জানান, পোশাক কেনা শেষ করে ক্রেতারা এখন জুতার দোকানে ভিড় করছেন। আমরা ক্রেতাদের রুচি অনুযায়ী নতুন ডিজাইনের কালেকশন রেখেছি তাই বিক্রিও বেশ ভালো হচ্ছে। ক্রেতারা দামের চেয়ে মান ও আরামকে বেশি গুরুত্ব দিচ্ছেন। আশা করছি, ঈদের আগের রাত পর্যন্ত এই ব্যস্ততা বজায় থাকবে।
গরম উপেক্ষা করে পরিবারের সদস্যদের নিয়ে শেষ মুহূর্তের কেনাকাটা সারতে আসা মানুষের চোখে মুখে এখন কেবলই ঈদের আনন্দের প্রতিফলন। কার্পাসডাঙ্গার এই চাঞ্চল্যই জানান দিচ্ছে ঈদ আর বেশি দূরে নেই।
শেষ মুহূর্তে জমে উঠেছে কার্পাসডাঙ্গার ঈদের বাজার জুতা ও কসমেটিকসের দোকানে উপচে পড়া ভিড়



