দামুড়হুদার জয়রামপুর এলাকায় মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ বিক্রির দায়ে ২ ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
দামুড়হুদা উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাজার তদারকি ও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার ডুগডুগি ও জয়রামপুর এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
ভোক্তা অধিকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,  মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণের অপরাধে ডুগডুগি এলাকার ‘হোসেন ড্রাগ হাউজ’-এর মালিক মো. মোকাররিম হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।  এছাড়া জয়রামপুর এলাকায় সরকারি ওষুধ বিক্রয় করার দায়ে ‘সুলতান ফার্মেসি’-র মালিক মো. সুলতান মাহমুদকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুততম সময়ের মধ্যে ত্রুটি সংশোধন করে ব্যবসা পরিচালনার কঠোর নির্দেশনা দেওয়া হয়।
অভিযান চলাকালীন মাহে রমজান উপলক্ষ্যে স্থানীয় হোটেল, খুচরা ভোজ্যতেল ও ওষুধের দোকানে তদারকি করা হয়। এসময় ব্যবসায়ীদের মানসম্মত পণ্য কেনাবেচা, ক্রয় ভাউচার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রয় থেকে বিরত থাকার জন্য সচেতন করা হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও পুলিশের একটি টিম।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।