চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এঁর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এঁর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোহাম্মদ মনিরুল ইসলাম ৩০তম পুলিশ সুপার হিসাবে চুয়াডাঙ্গায় দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর দক্ষ নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা পুলিশ বিভিন্ন গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে এবং জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
তিনি গত ১০ মার্চ চুয়াডাঙ্গা জেলা হতে বিশেষ পুলিশ সুপার, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকায় বদলীর আদেশপ্রাপ্ত হন। এ উপলক্ষে জেলা পুলিশ, চুয়াডাঙ্গা কর্তৃক তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বিদায়ী অনুষ্ঠানে সহকর্মীদের পক্ষ থেকে তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং তাঁকে একজন মানবিক, মেধাবী, সৎ, চৌকস, পরিশ্রমী ও দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে আখ্যায়িত করা হয়।
পুলিশ সুপার তার বিদায়ী বক্তব্যে জেলার সম্মানিত নাগরিকবৃন্দ, সকল সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ টিম চুয়াডাঙ্গার সকল পুলিশ সদস্য, সিভিল স্টাফ এবং আউটসোর্সিং সদস্যদের আন্তরিক সহযোগিতা ও সমর্থনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি নবাগত পুলিশ সুপারকে সার্বিক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। চুয়াডাঙ্গা জেলায় দায়িত্ব পালন করা তাঁর কর্মজীবনের একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। জেলার সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিকতা ও সহযোগিতা তাঁকে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করেছে। তিনি ভবিষ্যতেও চুয়াডাঙ্গা জেলার মানুষের কল্যাণ কামনা করেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম,  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের,  অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) অনির্বাণ দাস, সকল থানার অফিসার ইনচার্জগণ, আরআই, টিআইসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।