দামুড়হুদায় এসএসসি ৯২ ব্যাচের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

দামুড়হুদা অফিসঃ

এসো বন্ধু স্মৃতির টানে, মিলি আমরা প্রাণের বন্ধনে” এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গার দামুড়হুদায় এসএসসি ৯২ ব্যাচের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় দামুড়হুদা অডিটোরিয়াম হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি এসএসসি ৯২ ব্যাচের এমন মানবিক ও প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের অসচ্ছল ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটে এবং তারা আনন্দের সঙ্গে ঈদের মতো বড় উৎসব পালন করতে পারে।

তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ যদি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে সমাজে সহমর্মিতা ও মানবিকতা আরও শক্তিশালী হবে। এ সময় তিনি উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানের ভবিষ্যৎ গড়তে হলে তাদের পড়াশোনার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, “আপনারা অবশ্যই সন্তানদের শিক্ষার বিষয়ে যত্নবান হবেন, যাতে তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনে মানুষের মতো মানুষ হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে পারে।

নিজের কর্মজীবনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে তাকে চুয়াডাঙ্গায় বদলি করা হয়েছিল এবং সবার সহযোগিতায় এখানে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। বর্তমানে আবারও তার বদলির আদেশ এসেছে। এ সময় তিনি উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করেন এবং এলাকার মানুষের কল্যাণ কামনা করেন।

দামুড়হুদা উপজেলা এসএসসি ৯২ ব্যাচের সভাপতি নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিন এবং দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি শামসুজ্জোহা পলাশসহ এসএসসি ৯২ ব্যাচের বন্ধুরা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএসসি ৯২ ব্যাচের দামুড়হুদা উপজেলা সাধারণ সম্পাদক আল হেলাল রাজা। এসময় অসংখ্য সেবাগ্রহীতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও নগদ টাকা বিতরণ করা হয়।

বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব এবং এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। এসময় মোট ৪১৮ জন অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।