ঝিনাইদহ অফিস
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার বড়বামনদহ এলাকায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় আলাউদ্দিন (৩৫) নামে এক ট্রলি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।রবিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন কালিগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী জানায়, রবিবার সকাল ৮টার দিকে আলাউদ্দিন কালিগঞ্জ থানাধীন ঈশ্বরবা গ্রামের খোকন মিয়ার ইটভাটা থেকে একটি লাটা হাম্বার (ট্রলি) দিয়ে ইট নিয়ে কোটচাঁদপুর পৌরসভার বড়বামনদহ মালিথাপাড়ায় শামসুর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে যান। সেখানে ইট আনলোড করার পর তিনি আবার কালিগঞ্জে ফেরার উদ্দেশ্যে রওনা দেন। সকাল ১০টার দিকে বড়বামনদহ এলাকার একটি অরক্ষিত ছোট রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় রাজশাহী থেকে খুলনাগামী আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস দ্রুতগতিতে সেখানে পৌঁছে ট্রলিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলিটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আলাউদ্দিন ট্রলি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তার ডান হাত ও কোমরে মারাত্মক আঘাত লাগে। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় আলাউদ্দিনকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, বড়বামনদহ এলাকার ওই রেলক্রসিংটি দীর্ঘদিন ধরে অরক্ষিত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেখানে কোনো গেটম্যান বা নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। বিষয়টি পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
কোটচাঁদপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রলি চালক নিহত



