স্টাফ রিপোর্টার
প্রেস্ক্রিপশান ছাড়া এন্টিবায়োটিক ঔষধ বিক্রি করায় চুয়াডাঙ্গায় এক ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঔষধ প্রশাসন চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নাঈম মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করেন।
ঔষধ প্রশাসন চুয়াডাঙ্গা জেলা কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিয়মিত অভিযানের অংশ হিসাবে চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জ বাজার এলাকার বিভিন্ন ফার্মেসীতে অভিযান চালানো হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযানে নকল, ভেজাল, আনরেজিস্টার্ড, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রি ও সংরক্ষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় প্রেস্ক্রিপশান ছাড়া এন্টিবায়োটিক ঔষধ বিক্রি করায় দেশ ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও আনরেজিস্টার্ড ও মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা ঔষধ তত্বাবধায়ক তাহমিদ জামিল ও পুলিশে একটি টিম।



