সরোজগঞ্জ বাজারে কাঠ চুরির অভিযোগে যুবক আটক

সরোজগঞ্জ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে একটি কাঠের গোলা থেকে কাঠ চুরির অভিযোগে এক যুবককে আটক করেছে বাজারের নাইট গার্ডরা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। গত মঙ্গলবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে সরোজগঞ্জ বাজারের সিনেমা হল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেগনগর গ্রামের ইলিয়াস হোসেনের ছেলে তহিদুল ইসলামের কাঠের গোলা থেকে দীর্ঘদিন ধরে কাঠ চুরির ঘটনা ঘটছিল। গত মঙ্গলবার গভীর রাতে এক ব্যক্তি গোলা থেকে কাঠ সরিয়ে নেওয়ার সময় বাজারের নাইট গার্ডদের সন্দেহ হয়। পরে তাকে হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তি সদর উপজেলার কেদারগঞ্জ গ্রামের আকবর আলীর ছেলে রাজিবুল ইসলাম (৩৮) বলে জানা গেছে। বাজারের নাইট গার্ড সুপারভাইজার তমজেল আলীর ছেলে মিলন হোসেন এবং আদায়কারী মৃত কাশেম আলীর ছেলে খাদিমুল রহমানসহ অন্যান্য নাইট গার্ডরা তাকে আটক করে সরোজগঞ্জ বাজার উন্নয়ন কমিটির কার্যালয়ে নিয়ে যান।
এ বিষয়ে বাজার উন্নয়ন কমিটির সভাপতি আসাদুল মিয়া বলেন, রাতের বেলায় কাঠ চুরি করার সময় নাইট গার্ডরা তাকে আটক করে। পরে সকালে বিষয়টি পুলিশকে জানানো হয়।
সকাল ৭টার দিকে আটক যুবককে সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়। সরোজগঞ্জ ফাঁড়ির এসআই ছদরুল রহমান জানান, অভিযোগের ভিত্তিতে তাকে চুয়াডাঙ্গা সদর থানায় নেওয়া হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, সরোজগঞ্জ বাজারে মাঝে মাঝেই চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটছে। তারা বাজারের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।