দর্শনা অফিস
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। ঈদের আনন্দ ভাগাভাগি করতে নতুন পোশাকে সাজতে কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছে শিশু, যুবক-বৃদ্ধসহ সব বয়সের মানুষ। ঈদের আর মাত্র কয়েক দিন বাকি থাকায় নতুন পোশাক কিনতে মার্কেট ও বড় বড় শপিংমলে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে। দর্শনা ও পার্শ্ববর্তী এলাকার নারী-পুরুষ, শিশু-কিশোররা নতুন পোশাক কিনতে ছুটছেন বিভিন্ন পোশাকের দোকান ও শপিংমলে। সেই সঙ্গে দর্শনার মার্কেটগুলোতেও জমে উঠেছে ঈদ বাজার। গতকাল সোমবার দর্শনা রেলবাজার ও দর্শনা পৌর মার্কেট ঘুরে দেখা যায়, ক্রেতারা তাদের পছন্দের জামা, প্যান্ট, থ্রি-পিস, শাড়ি, সালোয়ার কামিজসহ বিভিন্ন ধরনের পোশাক কিনছেন। এছাড়া যাদের পোশাক কেনা শেষ হয়েছে, তারা স্নো-পাউডার, চুড়ি, কানের দুল, ঘড়ি, নেকলেসসহ নানা ধরনের প্রসাধনী ও সাজসজ্জার সামগ্রী কিনতেও ব্যস্ত সময় পার করছেন।
বাজার ঘুরে গার্মেন্টস, জুতা ও স্যান্ডেলের দোকান, কাপড়ের দোকান এবং বিভিন্ন প্রসাধনী সামগ্রীর দোকান মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১২ রমজান থেকে পুরোদমে ঈদের কেনাবেচা শুরু হয়েছে এবং তা এখনো অব্যাহত রয়েছে।
বিক্রেতা সন্টু, রেজাউল ইসলাম, ফারুক হোসেন ও সাজেদুর রহমান জানান, এখনো শতভাগ ক্রেতা না এলেও প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ ক্রেতা ইতোমধ্যে ঈদের কেনাকাটা করতে বাজারে এসেছেন। বিক্রিও মোটামুটি আশানুরূপ হচ্ছে। ক্রেতা মাসুদুর রহমান জানান, তিনি তার ছেলে-মেয়ে ও স্ত্রীর জন্য সাধ্য অনুযায়ী জামা, প্যান্ট, শাড়িসহ প্রয়োজনীয় পোশাক কিনেছেন। ছোট্ট শিশু সাদিয়া খাতুন (৮) জানায়, সে একটি নতুন জামা কিনেছে এবং এখন স্যান্ডেল কিনবে।
আরেক ক্রেতা সাহিনা খাতুন বলেন, তিনি তার মায়ের জন্য শাড়ি, ছোট ভাই বোনের জন্য জুতা ও স্যান্ডেল এবং নিজের জন্য সালোয়ার কামিজ, স্যান্ডেল, চুড়ি, মেহেদি ও প্রসাধনী সামগ্রী কিনেছেন। দর্শনা রেলবাজার, কেরু মার্কেট, দর্শনা পৌর মার্কেট ও কিয়ামত আলী মার্কেটসহ বিভিন্ন মার্কেটে এখন ঈদের কেনাবেচা বেশ জমে উঠেছে।
দর্শনায় মার্কেটগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা



