স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলাজুড়ে দেখা দিয়েছে ভয়াবহ জ্বালানি তেল সংকট। চাহিদার তুলনায় সরবরাহ তলানিতে নামায় জেলার অধিকাংশ ফিলিং স্টেশন এখন প্রায় তেলশূন্য। দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন যানবাহন চালক ও কৃষকরা। পাম্প মালিকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং সরবরাহ ঘাটতির কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
জানা যায়, সম্প্রতি মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ চেইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের জ্বালানি খাতে। চুয়াডাঙ্গা জেলার পাম্পগুলোতে গত কয়েকদিন ধরে চাহিদামত তেলের বরাদ্দ মিলছে না। তেলবাহী লরিগুলো ডিপো থেকে খালি হাতে ফিরে আসছে অথবা বরাদ্দের তুলনায় অত্যন্ত সামান্য পরিমাণ তেল নিয়ে ফিরছে।
সরেজমিনে চুয়াডাঙ্গা বিভিন্ন তেল পাম্প গুলো ঘুরে দেখা যায়, অধিকাংশ পাম্পের সামনে ‘তেল নেই’ লেখা সংবলিত বোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে। যে কয়েকটি পাম্পে তেল অবশিষ্ট আছে, সেখানেও জনপ্রতি সর্বোচ্চ ২০০-৫০০ টাকার বেশি তেল দেয়া হচ্ছে না। তেলের আশায় পাম্পগুলোতে ভিড় করছেন মোটরসাইকেল ও ট্রাক চালকরা। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও অনেকে তেল না পেয়ে ফিরে যাচ্ছেন।
চুয়াডাঙ্গা মূলত কৃষিপ্রধান অঞ্চল। বর্তমানে সেচ মৌসুম চলায় ডিজেলের চাহিদা তুঙ্গে। তেল না পাওয়ায় সেচ পাম্পগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, যা বোরো আবাদে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা। অন্যদিকে পরিবহন চালকদের অভিযোগ তেল সংকটের অজুহাতে কোনো কোনো জায়গায় চড়া দামে তেল বিক্রি করা হচ্ছে।
চুয়াডাঙ্গা মেসাস মোজাম্মেল হক পেট্রোল পাম্পের সহকারী ম্যানেজার আশাবুল হক জানান, আমাদের কোনো হাত নেই। ডিপো থেকে তেল না আসলে আমরা দেব কোত্থেকে? মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে আমদানি কম হচ্ছে বলে আমাদের জানানো হয়েছে। এখন যা আছে তা দিয়ে কয়েক ঘণ্টাও চালানো সম্ভব নয়।
চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ হাইওয়ে পুলিশ স্টেশনের ম্যানেজার জাকিরুল ইসলাম বলেন, পাম্পে বর্তমানে পেট্রোল ও অক্টেন তেল নেই। খুবই সীমিত পরিসরে ডিজেল তেল আছে তাও বেশিক্ষণ চলবেনা। প্রতি ঘন্টায় ঘন্টায় বিপুল সংখ্যক মোটরসাইকেল এসে ভিড় করছে পাম্পে কিন্তু আমরা তেল দিতে পারছি না। সরকারিভাবে বিকল্প উৎস থেকে তেল আমদানি ত্বরান্বিত না করলে এই সংকট আরও ঘনীভূত হতে পারে বলে দাবি বিশ্লেষকদের।
তেলের জন্য বিভিন্ন প্যাম্পে সারাদিন দীর্ঘ লাইন চুয়াডাঙ্গায় জ্বালানি তেলের তীব্র সংকট, বিপাকে পাম্প মালিক ও সাধারণ ক্রেতা



