দামুড়হুদায় জ্বালানি সংকটের গুঞ্জনে অস্থির জনসাধারণ তেল পাম্পে দীর্ঘ লাইন, পেট্রোল না পেয়ে ভোগান্তি

কার্পাসডাঙ্গা প্রতিনিধি
দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের সংকটের গুঞ্জন ছড়িয়ে পড়ায় তেল পাম্পগুলোতে দেখা দিয়েছে অস্বাভাবিক ভিড়। পেট্রোল না থাকায় মোটরসাইকেল আরোহীসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বিভিন্ন তেল পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকেই জ্বালানি সংগ্রহ করতে পারছেন না বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার বেশ কয়েকটি তেল পাম্পে সকাল থেকেই মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়। কেউ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও জ্বালানি পাচ্ছেন না। এতে কর্মজীবী মানুষ ও পরিবহন চালকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এদিকে অভিযোগ উঠেছে, গত বৃহস্পতিবার থেকেই খোলা বাজারে যাদের কাছে অল্প পরিমাণ পেট্রোল মজুদ রয়েছে তারা বাড়তি দামে বিক্রির আশায় অপেক্ষা করছেন। তবে পাম্প সংশ্লিষ্টরা দাবি করেছেন, সরকারি নির্ধারিত মূল্যেই তেল বিক্রি করা হচ্ছে।
মোটরসাইকেল আরোহী সজীব ও আব্দুল আলীম জানান, আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও মানুষের মধ্যে নানা আলোচনা চলছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার কারণে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তৈরি হতে পারে—এমন আশঙ্কা থেকেই হয়তো অনেকেই আগেভাগে তেল সংগ্রহের চেষ্টা করছেন।
পরিবহন মালিক ও শ্রমিকরা জানান, বেশ কিছুদিন জ্বালানি বাজার স্থিতিশীল ছিল। তবে হঠাৎ করে আবার দাম বাড়ার শঙ্কা দেখা দেওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন সবাই।
এদিকে জনসাধারণের দাবি, গুজব ও আতঙ্ক ছড়িয়ে পড়ায় তেল পাম্পে অস্বাভাবিক চাপ তৈরি হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।