জীবননগরে ইয়াবাসহ যুবক আটক

জীবননগর অফিস
জীবননগরে দুই পিস ইয়াবাসহ আটক আশিক (২১) নামের এক যুবককে তিন মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল জীবননগর মকসুদ সুপার মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই কারাদণ্ড ও জরিমানা করেন। মো. আশিক জীবননগর পৌরসভার তেতুলিয়ার গ্রামের আরিফ উদ্দীনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে শহরের মকসুদ সুপার মার্কেটের আশিক টেলিকমে আশিককে দুই পিস ইয়াবাসহ আটক করে জীবননগর থানা-পুলিশ। পরে জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান সেখ জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেলকে খবর দেন। পরে তিনি ঘটনাস্থলে পৌঁছিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১) (গ) ধারা লঙ্ঘন একই আইনের ৩৬(১) সারণীর ১৬ ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান সেখ বলেন, মাদকসহ আটকের পর ইউএনও স্যারকে খবর দেওয়া হয়। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৩ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। তাকে কারাগারে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের কার্যক্রম নিয়মিত চলবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।