আজকের চুয়াডাঙ্গা ডেস্ক:
আজ (১৭ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদ ভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সাক্ষাৎগুলোতে প্রতিনিধিরা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে তাদের সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানান।
সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা এবং শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী ড. নালিন্দা জয়াতিষা।
সাক্ষাৎকারে প্রতিনিধিরা প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বাংলাদেশ শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে আরও দ্রুত অগ্রগতি করবে। পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে যৌথ কাজের প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত প্রতিনিধিদের ধন্যবাদ জানান এবং বাংলাদেশের বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আশাবাদ প্রকাশ করেন।



