আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলা এলাকায় সামাজিক সংগঠন সহযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র রমজানকে স্বাগত জানাতে এক ব্যতিক্রমধর্মী আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে আলিফ উদ্দিন মোড় এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আনন্দ মিছিলের মাধ্যমে রমজানের আগমনী বার্তা ছড়িয়ে দেন। এছাড়া উপস্থিত সবার মাঝে আতর মেখে শুভেচ্ছা বিনিময় করা হয় এবং খেজুর দিয়ে আপ্যায়নের মাধ্যমে আয়োজনকে আরও প্রাণবন্ত করা হয়।
উদ্যোক্তারা জানান, এ ধরনের সামাজিক আয়োজন মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে সহায়ক হবে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে অনুষ্ঠানের আনন্দ বহুগুণ বাড়িয়ে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহযাত্রা ফাউন্ডেশনের সদস্য রাকিব মাহমুদ, মুসাব ইবনে শাফায়েত, পার্থিব হাসান, সাব্বির রহমান ফিরোজ, শাকিব মাহমুদ, মিলন উদ্দীন, শাহরিয়ার জয় ও শাওন প্রমুখ। শেষে রমজানের পবিত্রতা ও মানবিক মূল্যবোধ ধারণের আহ্বান জানিয়ে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।
আলমডাঙ্গায় পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে রমজান বরণ উৎসব অনুষ্ঠিত



