দামুড়হুদায় অবৈধভাবে ফসলি জমির মাটি উত্তোলন করায় দুইজনের কারাদণ্ড

দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলায় অবৈধভাবে ফসলি জমির মাটি উত্তোলনের দায়ে দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা উবায়দুর রহমান সাহেল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার তারিনীপুর মাঠে ব্যক্তিমালিকানাধীন ফসলি জমি থেকে বিনা অনুমতিতে মাটি উত্তোলনের অভিযোগে গতকাল রবিবার রাত সাড়ে ১২টার দিকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভেকু দিয়ে মাটি উত্তোলন করে ট্রাক্টরের মাধ্যমে পরিবহনকালে স্থানীয়দের সহায়তায় হাতেনাতে ধরা পড়েন অভিযুক্তরা।
আটক ব্যক্তিরা হলেন— হাউলী ইউনিয়নের জয়রামপুর গাতিরপাড়ার শহীদুল ইসলামের ছেলে শামীম ইসলাম (২০) এবং তারিনীপুর গ্রামের আমির হোসেনের ছেলে খালিদ হোসেন (২৫)।
অভিযুক্তদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) এর ১৫(১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আটক ট্রাক্টরটি থানা হেফাজতে রাখা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে। প্রশাসন জানিয়েছে, অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।