আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে হাসান নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঠিক ওই সময় তার মা ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে গিয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভাংবাড়ীয়া ইউনিয়নের খোরদ গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। শিশুটির অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিহত হাসান ছিল একই উপজেলার শেখপাড়া গ্রামের ইসরাইল হোসেনের ছেলে। তার মা সুমিতা খাতুন।
এলাকা সূত্রে জানা গেছে, ইসরাইল হোসেনের স্ত্রী সুমিতা খাতুন তাদের চার বছর বয়সী যমজ সন্তান হাসান ও হুসাইনকে নিয়ে আলমডাঙ্গার খোরদ গ্রামে পিতা লাল্টু মালিথার বাড়িতে বেড়াতে এবং ভোট দিতে এসেছিলেন। এ সময় সমবয়সী শিশুদের সঙ্গে লুকোচুরি খেলতে শুরু করে হাচান। খেলার একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের একটি ছোট পুকুরের দিকে চলে যায় সে। অসাবধানতাবশত পানিতে পড়ে গেলে আর উঠতে পারেনি। কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তড়িঘড়ি করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। নানাবাড়িতে বেড়াতে এসে এমন মর্মান্তিক মৃত্যুতে খোরদ ও শেখপাড়া—দুই গ্রামেই শোকের মাতম চলছে।
আলমডাঙ্গায় পুকুরে ডুবে ছেলের মৃত্যু



