সংসদ নির্বাচন ও গণভোট সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা পুলিশের নিরাপত্তা ব্রিফিং

স্টাফ রিপোর্টার
সংসদ নির্বাচন ও গণভোট সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা পুলিশের নিরাপত্তা ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ৩টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের জন্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্রিফিং অনুষ্ঠিত হয়। আগামীকাল বৃহস্পতিবার  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
এসময় পুলিশ সুপার বলেন,  নির্বাচন সংশ্লিষ্ট সকল সংস্থার সাথে সমন্বয় সাধনের মাধ্যমে ভোটারগণ যেন নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন ও গণভোট সম্পন্ন করতে ডিউটিতে নিয়োজিত প্রত্যেক সদস্যের করণীয় ও বর্জনীয় বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। ডিউটিতে নিয়োজিত সকলকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে নির্ভয়ে, পক্ষপাতিত্ব, অত্যুৎসাহী আচরণ ও শিথিলতা পরিহার করে আইনানুগভাবে অর্পিত দায়িত্ব পালন করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পুলিশের পাশাপাশি, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, আনসার, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে। চুয়াডাঙ্গা জেলার প্রতিটি ভোটকেন্দ্র থাকবে কঠোর নিরাপত্তার চাদরে আবৃত। কেউ কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে জেলা পুলিশ সর্বদা তৎপর থাকবে।
ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মোঃ আনোয়ারুল কবীর, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার অনির্বাণ দাস,  ডিআইও-১ শফিকুর রহমান, থানার অফিসার ইনচাজগণ, টিআই(অ্যাডমিন) আমিরুল ইসলাম, আরআই পুলিশ লাইন্স চুয়াডাঙ্গাসহ নির্বাচন ডিউটিতে নিয়োজিত সকল পদমর্যাদার অফিসার ও ফোর্স।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।