জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জীবননগর অফিস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিস, জীবননগরের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম ও জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল। কর্মশালায় ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের ভোটগ্রহণ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। ব্যালট পেপার ও ব্যালট বাক্স ব্যবস্থাপনা, ভোটার শনাক্তকরণ, ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া, ফলাফল প্রেরণসহ কেন্দ্রের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো গুরুত্বসহকারে তুলে ধরা হয়।
অতিথিরা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটগ্রহণ কর্মকর্তাদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তারা সকলকে সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।