জীবননগর অফিস
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ পারাপার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিজিবির উদ্যোগে একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৫টার দিকে জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল ইফতেখার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান, উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মাসুদ হায়দার এবং বিজিবি কুষ্টিয়ার সহকারী পরিচালক মোহাম্মদ শামিম পারভেজ। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে কর্নেল মো. ইফতেখার হোসেন বলেন, “জাতীয় নির্বাচন দেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসব। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অপতৎপরতা রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আপনারা নির্ভয়ে ও স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন—এটাই আমাদের প্রতিশ্রুতি।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় যেকোনো গুজব, উত্তেজনা বা অপপ্রচার রোধে সবাইকে সজাগ থাকতে হবে। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি জনগণের পাশে আছে এবং সবসময় থাকবে। সভায় বক্তারা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে ভোটদান নিশ্চিত করতে সকলের প্রতি আহ্বান জানান।
জীবননগরে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে বিজিবি-৬ এর জনসচেতনতা সভা



