মেহেরপুরে মাঠ থেকে ৪টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

মেহেরপুর অফিস
মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের পাশাপাশি দুটি মাঠ থেকে চারটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৩১ জানুয়ারি) গভীর রাতে ব্যাঙগাড়ি ও কুশিয়ারা মাঠের বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমারগুলো খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকার কৃষকদের মধ্যে উদ্বেগ ও দিশেহারা অবস্থা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাঙগাড়ি ও কুশিয়ারা মাঠে স্থাপিত বৈদ্যুতিক সেচ পাম্পের মাধ্যমে গ্রামের কৃষকরা জমিতে সেচ দিয়ে আবাদ করেন। রাতের কোনো এক সময় লোহার রড, শিকল ও তালা কেটে কুশিয়ারা মাঠে মোহাম্মদ জিয়ার সেচ পাম্পের তিনটি এবং ব্যাঙগাড়ি মাঠে মাহাবুল ইসলামের একটি ট্রান্সফরমার খুঁটি থেকে খুলে নেয় চোরেরা। পরে ট্রান্সফরমারের ভেতরের তামার তারসহ মূল্যবান যন্ত্রাংশ নিয়ে কভার ফেলে রেখে যায়।
কৃষক মোহাম্মদ জিয়া বলেন, সকালে সেচ দিতে গিয়ে ট্রান্সফরমার না পেয়ে চুরির বিষয়টি জানতে পারি। এতে কয়েকশ কৃষকের জমিতে সেচ কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। লোহার রড, শিকল ও তালা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করেও শেষ রক্ষা হলো না। এর আগে গাংনী ও হিজুলি গ্রামেও একই ধরনের চুরি হয়েছে, কিন্তু এখনো চোরদের ধরা যায়নি। এই মাঠে ৫ থেকে ৭ শত বিঘা জমিতে আবাদ হয়। এভাবে চুরি চলতে থাকলে চাষাবাদ করা কঠিন হয়ে পড়বে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোরদের শনাক্ত এবং ট্রান্সফরমার উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।