আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ মেলা। এতে উপজেলার বিভিন্ন এলাকার কৃষি উদ্যোক্তা ও তরুণ উদ্ভাবকরা নিজেদের উদ্ভাবিত প্রযুক্তি ও কৃষিপণ্য নিয়ে স্টল প্রদর্শন করছেন। গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। উদ্বোধনের আগে কৃষি অফিস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উদ্বোধনী সভায় উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। প্রধান বক্তা ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের অতিরিক্ত পরিচালক দেবাশীষ কুমার দাস। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল্লাহ মাহমুদ।
এ সময় ওসি (তদন্ত) আজগার আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস. এম. মাহমুদুল হক, উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ, কৃষি উদ্যোক্তা হাফিজুর রহমান স্বপনসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও তরুণ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আলমডাঙ্গায় সব ধরনের ফসলের চাষাবাদ অত্যন্ত ভালো হয়। প্রাকৃতিক দুর্যোগ কম হওয়ায় এ অঞ্চল কৃষিপণ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক কৃষি প্রযুক্তি ও পদ্ধতিতে তরুণদের আগ্রহ বাড়ছে, যা কৃষির টেকসই উন্নয়নে সহায়ক। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ানো জরুরি। এ ধরনের মেলার মাধ্যমে কৃষকরা উন্নত জাতের ফসল, আধুনিক কৃষিযন্ত্র ও প্রযুক্তি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।
উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ জানান, যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় মোট ১৬টি স্টল বসানো হয়েছে।
মেলায় পারিবারিক সবজি, পুষ্টি বাগান, নিরাপদ ঔষধি ফসল, মাশরুম উৎপাদন, ফুল ও উচ্চমূল্যের ফল চাষ, মশলা, কৃষি প্রযুক্তি ও শস্যচিত্রসহ নানা ধরনের প্রদর্শনী স্টল স্থান পেয়েছে। তরুণ উদ্যোক্তারা আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি উদ্ভাবন ও চাষাবাদ কৌশল তুলে ধরছেন, যা দর্শনার্থীদের আগ্রহ বাড়িয়েছে।
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন



