মাখালডাঙ্গায় ইসলামী আন্দোলনের ৫৫জন নেতা-কর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান

স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনে চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলনের ২২ নেতাসহ ৫৫ জন আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। জামায়াতের পক্ষ থেকে তাদের ফুলের মালা দিয়ে বরণ করা হয়। যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাইদঘাট গ্রামের ফুটবল মাঠে।
মাখালডাঙ্গা ইউনিয়ন ইসলামী আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহিন আলীর নেতৃত্বে ২২ নেতা জামায়াত ইসলামীতে যোগ দেন। এছাড়াও বিএনপি’র রানা আলীর নেতৃত্বে ১৫ জন কর্মী ও গ্রাম পর্যায়ের ১৮ জন মানুষও দলবদল করে জামায়াতে ইসলামীতে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মহসিন আলী। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল ইসলাম মালিক, সদর উপজেলা আমির বিল্লাল হোসাইন, সহকারী সেক্রেটারি শাহেনুজ্জামান, সাজিবুল ইসলাম নয়ন, আসির উদ্দিন মামুন, মামুন হাওলাদার ও ডাক্তার আহমদ মনিরসহ দলীয় নেতাকর্মীরা।
নতুন সদস্য শাহিন আলি জানান, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আমাদের কাজের মান মিলছে না। তাই ন্যায় ও ইনসাফের পক্ষে কাজ করার প্রত্যয়ে জামায়াত ইসলামীতে যোগদান করেছি। দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করতে সকলে একত্রে কাজ করব।
জামায়াত প্রার্থী মাসুদ পারভেজ রাসেল বলেন, নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত সকলকে একসাথে কাজ করতে হবে। সৎ ও যোগ্য প্রার্থীকে বিজয়ী করতে জনসাধারণকে সচেতন হতে হবে।
এর আগে সকাল থেকে প্রার্থী এলাকায় গণসংযোগ শুরু করেন। নিজ মহল্লায় ফজরের নামাজের পর মহল্লাবাসীর দোয়া গ্রহণ, গ্রামের কবরস্থান জিয়ারত ও মা-বাবার কাছে দোয়া গ্রহণের মাধ্যমে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু হয়। পরে ডাউকি গ্রামে শহীদ আইয়ুব আলীর কবর জিয়ারত, আলমডাঙ্গা কাছারি বাজার ও পৌর কেন্দ্রীয় কবরস্থানে গণসংযোগ এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।