আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা হ্যামলেট ক্যাফেতে আয়োজিত এ সভার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, মানুষ আজ পরিবর্তন চায়, সংস্কার চায় এবং একটি উন্নত, সন্ত্রাস-দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সমাজ দেখতে চায়। জনগণের এই প্রত্যাশিত সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের জাগ্রত বিবেক। দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ সমাজের উত্থান-পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই তিনি আশা প্রকাশ করেন, সাংবাদিকরা আগামীতেও নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখবেন।
নির্বাচিত হলে আলমডাঙ্গাকে একটি সমৃদ্ধ ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অঙ্গীকার করেন তিনি। পাশাপাশি সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন। আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।
আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মামুন রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা মোল্লা ফারুক এহসান।
এ ছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসন নির্বাচন বিভাগের পরিচালক শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা আইন আদালত সম্পাদক, সাবেক নাগদাহ ইউপি চেয়ারম্যান দারুস সালাম এবং আলমডাঙ্গা পৌর জামায়াতের আমীর মাহের আলী।
মতবিনিময় সভায় স্থানীয় ও জাতীয় বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন অতিথিরা। ভবিষ্যতে গণমাধ্যমের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আশাবাদও ব্যক্ত করা হয়।
আলমডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী রাসেলের মতবিনিময়



