দামুড়হুদা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী রুহুল আমীনের মতবিনিময়

দামুড়হুদা অফিস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সূচনায় দামুড়হুদা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন চুয়াডাঙ্গা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. রুহুল আমিন। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় দামুড়হুদা প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমীর মো. রুহুল আমিন বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেশের গণতন্ত্র সুসংহত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্নীতির বিষয়ে জামায়াতে ইসলামীর অবস্থান জিরো টলারেন্স। জনগণের কল্যাণে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, স্থলবন্দর বাস্তবায়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তিনি কাজ করতে চান বলে জানান।
তিনি আরও বলেন, জনগণের অধিকার রক্ষায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনস্বীকার্য। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা নির্বাচনকে সঠিক পথে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এ সময় তিনি সাংবাদিকদের প্রতি নিরপেক্ষ ও দায়িত্বশীলভাবে সংবাদ পরিবেশনের আহ্বান জানান। নির্বাচিত হলে তিনি এলাকার শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, নৈতিকতা ও সামাজিক উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা মাজলেসুল মুফাসসিরিন সূরা সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাবেক জেলা আমীর আনারুল হক মানিক, জেলা নায়েবে আমীর আজিজুর রহমান, দামুড়হুদা উপজেলা আমীর নায়েব আলী, সদর ইউনিয়ন আমীর মাওলানা আবুল কাশেম এবং উপজেলা সেক্রেটারি আবেদ উদদৌলা টিটন।
এ সময় দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, সাধারণ সম্পাদক মুরশেদ বিন ফয়সাল তানজিরসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।