আলমডাঙ্গায় যুবদলের মতবিনিময় সভায় ধানের শীষকে বিজয়ী করার অঙ্গীকার

আলমডাঙ্গা অফিস
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফের ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় যুবদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় আলমডাঙ্গা থানা পাড়া কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে অনুষ্ঠিত সভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহ-সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং আলমডাঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুকুজ্জামান ফারুকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফুজ্জামান সিজার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আসন্ন নির্বাচনে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফের ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে যুবদলকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। তিনি আরও বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। এজন্য প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালন করতে হবে।
বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বকুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক রেজাউল হক রেজা, প্রচার সম্পাদক ইমরান হোসেন উজ্জ্বল, সহ-সাংগঠনিক সম্পাদক মকলেসুর রহমান মুকুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান রানা, মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক সোহেল রানা টুটুল, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আহসান হাবিব সুইট, পূর্ণবাসন সম্পাদক মেহেদী হাসান খান এবং জেলা যুবদলের সদস্যবৃন্দ।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব শফিকুল আজম ডালিম, যুগ্ম আহ্বায়ক রহিতুজ্জামান রহিত, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিন্টু, পৌর যুবদলের সদস্য আব্দুল্লাহ আল মামুনসহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সভা শেষে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।