স্টাফ রিপোর্টার
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে অংশগ্রহণ করে জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে তাসনিম তাবাসসুম ছোঁয়া। তিনি ‘গ’ বিভাগে সারা দেশের প্রতিযোগীদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে চুয়াডাঙ্গার নাম গৌরবের সঙ্গে তুলে ধরেছেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণের ধারাবাহিকতায় তিনি প্রথমে উপজেলা পর্যায়ে অংশ নেন। পরে সেখান থেকে সাফল্যের সঙ্গে জেলা, বিভাগীয় পর্যায় অতিক্রম করে জাতীয় পর্যায়ে পৌঁছে এই কৃতিত্ব অর্জন করেন।
এ উপলক্ষে গত মঙ্গলবার বেলা ১১ টায় ঢাকা উসমানি স্মৃতি মিলনায়তনে জাতীয় পর্যায়ে শ্রেষ্টত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় তাসনিম তাবাসসুম ছোঁয়ার হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
তাসনিম তাবাসসুম ছোঁয়া মহিলা কলেজ পাড়ার বাসিন্দা এবং একাদশ শ্রেণির ছাত্রী। তিনি মোঃ শরিফুল ইসলাম ও তুহিন সুলতানার কন্যা। ছোটবেলা থেকেই সংগীতচর্চার প্রতি তার গভীর আগ্রহ ও নিষ্ঠা এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আগামীতে যেন সে আরো ভালো সাফল্য অর্জন করতে পারে সেইজন্য ছোঁয়া শিক্ষকবৃন্দ, অভিভাবক, প্রশিক্ষকসহ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
শিক্ষা সপ্তাহে দেশাত্মবোধক গানে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করলো চুয়াডাঙ্গার তাসনিম তাবাসসুম ছোঁয়া



