স্টাফ রিপোর্টার
অপরিচ্ছন্ন পরিবেশে তেল ও বেকারি পণ্য তৈরি করায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৪ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার হাই রোড ও আনন্দধাম রোড এলাকায় তদারকি মূলক এ অভিযান চালানো হয়।
চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুর রহমান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আলমডাঙ্গা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অভিযানে তেল উৎপাদন মিল, বেকারি, হোটেল, ফলের দোকান, ডায়াগনস্টিক সেন্টার ও মুদি দোকানসহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
অভিযানকালে অপরিচ্ছন্ন সরিষা দিয়ে তেল উৎপাদন ও সংশ্লিষ্ট লাইসেন্স নবায়ন না থাকায় রফিকুল ইসলাম এর প্রতিষ্ঠান মেসার্স অলিফ ওয়েল মিলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরির অপরাধে ফিরোজ রহমানের প্রতিষ্ঠান মেসার্স মডার্ন বেকারিকে ৪০ হাজার টাকা। এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণের দায়ে মিলন মাহমুদের প্রতিষ্ঠান মেসার্স মজিদ হোটেলকে ১০ হাজার টাকা এবং লাইসেন্স নবায়ন না থাকায় অলিদুন নবীর প্রতিষ্ঠান মেসার্স অভি ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট চারটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস, আলমডাঙ্গা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজ রহমান, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম।
আলমডাঙ্গায় ৪ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা



