জীবননগর অফিস
জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ড বাজারে ‘লিজা স্টোর’ নামের একটি মুদি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার ভোরের দিকে সংঘবদ্ধ চোরচক্র এ চুরির ঘটনা ঘটায়। চোরেরা দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ দেড় লক্ষাধিক টাকা ও মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।
দোকানে স্থাপিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, বুধবার ভোর আনুমানিক ৫টার দিকে চারজনের একটি চোরচক্র দোকানের শাটারের তালা ভাঙতে শুরু করে। পরে একজন চোর দোকানের ভেতরে প্রবেশ করে ক্যাশবাক্স থেকে নগদ টাকা ও দামি সিগারেট ব্যাগে ভরে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক হাফিজুর রহমান জানান, মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে যান। পরদিন সকালে দোকানে এসে দেখতে পান শাটারের তালা ভাঙা এবং ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। তিনি বলেন, “মহাজনের দেড় লক্ষ টাকা পরিশোধের জন্য দোকানে নগদ টাকা রেখেছিলাম। সেই দেড় লক্ষাধিক টাকা, ক্যাশবাক্সের খুচরা টাকা এবং দামি সিগারেট চুরি হয়ে গেছে।” তার হিসাব অনুযায়ী, নগদ টাকাসহ আনুমানিক ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে।
এ ঘটনায় তিনি জীবননগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। একই রাতে পাশের ‘রানা ট্রেডার্স’ নামের একটি কীটনাশক দোকানে তালা ভাঙার চেষ্টা চালায় চোরেরা, তবে তারা সফল হতে পারেনি।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, উথলী বাসস্ট্যান্ড বাজারে মাঝেমধ্যেই চুরির ঘটনা ঘটে। বাজারে তিনজন নাইটগার্ড থাকলেও তারা সারারাত দায়িত্ব পালনের পর ভোরের দিকে ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, সেই সুযোগেই চোরচক্র ভোররাতে এ চুরির ঘটনা ঘটিয়েছে।
এ ঘটনায় বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ব্যবসায়ীরা দ্রুত বাজারে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
উথলীতে মুদি দোকানে সংঘবদ্ধ চোরের হানা নগদ দেড় লক্ষাধিক টাকাসহ মালামাল চুরি



