স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা শহরের একাডেমী মোড় সংলগ্ন মাইক্রোস্ট্যান্ডের পেছনে ওজোপাডিকোর একটি পরিত্যক্ত ভবন থেকে সাগর নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই ভবন এলাকা থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকলে স্থানীয়রা বিষয়টি চুয়াডাঙ্গা সদর থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভবনের দ্বিতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মরদেহটি কুষ্টিয়া আইলচারা এলাকার আনোয়ার খান এর ছেলে মোঃ সাগর আলী (৫০)। ভবনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। মরদেহটি অর্ধগলিত থাকায় প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক সময় ও কারণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
তবে স্থানীয় সুত্রে জানা গেছে, তিনি একজন মাদকাসক্ত ও ভবঘুরে হিসেবে পরিচিত ছিলেন। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তার মৃত্যু হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকালে পুলিশের সাব-ইন্সপেক্টর অনুজ কুমার সরকার বলেন, ট্রিপল নাইনের মাধ্যমে আমরা সংবাদ পাই যে, একজন অজ্ঞাত ব্যক্তি মারা গেছেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। পরবর্তীতে তদন্তের মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। তিনি কুষ্টিয়া জেলার পোড়াদহ এলাকার আনোয়ার হোসেনের ছেলে সাগর হোসেন। ইতোমধ্যেই ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সকল প্রকার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তথ্য ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর নিশ্চিতভাবে জানা যাবে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাখা হয়েছে। তিনি আরও জানান, নিহত ব্যক্তির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।



