চুয়াডাঙ্গায় দুই হোটেল ও এক দোকানীকে লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
স্বাস্থ্য সনদ না থাকা ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুতির দায়ে চুয়াডাঙ্গা শহরের দুই হোটেল ও ১ দোকানীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বিকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার হাসপাতাল রোড ও বড় বাজার এলাকায় তদারকিমূলক এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত হাসপাতাল রোড ও বড় বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময়  বিভিন্ন খাদ্য পণ্য প্রস্তুত ও বিক্রয়কারী প্রতিষ্ঠান তদারকি করা হয়।
অভিযানে  স্বাস্থ্য সনদ না থাকা এবং নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে মোহাম্মদ রতন বিশ্বাসের প্রতিষ্ঠান ‘হোটেল মুসলিম ফুড’-কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে স্বাস্থ্য সনদ না থাকা এবং খাদ্যে কাঁচা চামড়ায় ব্যবহৃত লবণ ব্যবহারের অভিযোগে মোহাম্মদ রনি আলমের প্রতিষ্ঠান ‘মেসার্স হোটেল কুটুম বাড়ি খাওয়া ঘর’-কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বড় বাজার এলাকায়  জাফরান রঙ হিসেবে কাপড়ের রঙ ব্যবহার এবং নিষিদ্ধ কেওড়া জল বিক্রয়ের দায়ে শ্রী গৌরচন্দ্র বসুর প্রতিষ্ঠান ‘মেসার্স গৌতম স্টোর’-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে সর্বমোট এক লক্ষ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযানকালে আরও কয়েকটি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও ডিপার্টমেন্টাল স্টোর তদারকি করা হয়। এ সময় মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য অফিসার সজীব পাল, পৌর স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।