মেহেরপুর অফিস
মেহেরপুরে ইজিবাইক চালক শাহিনকে মারধর করে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে দুর্বৃত্তরা। চালকের সাহসিকতা ও প্রতিরোধের মুখে ইজিবাইক ফেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় গুরুতর আহত শাহিন বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত শাহিন মেহেরপুর শহরের নতুনপাড়ার বাসিন্দা ও মৃত সুরাত আলীর ছেলে। সোমবার ভোরে সদর উপজেলার মনোহরপুর কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে।
শাহিন জানান, ভোরে ঢাকা থেকে আগত এক যাত্রীকে সদর উপজেলার সহগলপুর স্কুল এলাকায় নামিয়ে দিয়ে তিনি ইজিবাইক নিয়ে মেহেরপুর শহরে ফিরছিলেন। পথে মনোহরপুর কবরস্থানের সামনে সড়কে ফেলে রাখা কলাগাছ দেখতে পান। প্রথমবার দ্রুতগতিতে সেটি অতিক্রম করতে সক্ষম হলেও কিছুদূর এগিয়ে আবার কলাগাছে আটকে ইজিবাইকটি উল্টে যায়।
এ সময় পাশের একটি বাগান থেকে মুখোশ পরিহিত সাতজন ছিনতাইকারী বের হয়ে আসে। তারা শাহিনকে বাগানের ভেতরে নিয়ে গিয়ে তার গায়ের চাদর ছিঁড়ে হাত বেঁধে মারধর করে। একপর্যায়ে তিনজন তাকে পাহারা দেয় এবং অপর চারজন ইজিবাইক নিয়ে পালানোর চেষ্টা করে। তবে ইজিবাইক উল্টে যাওয়ায় ব্যাটারির তার ছিঁড়ে যাওয়ায় সেটি চালু করতে না পেরে তারা ব্যর্থ হয়।
শাহিন আরও জানান, সুযোগ বুঝে তিনি হাতের বাঁধন খুলে ফেলেন। ছিনতাইকারীদের কাছে কোনো ধারালো অস্ত্র না থাকায় সাহস সঞ্চয় করে তিনি তিনজনের ওপর আক্রমণ করেন। তার প্রতিরোধের মুখে একপর্যায়ে ছিনতাইকারীরা ইজিবাইক ফেলে পালিয়ে যায়। পরে শাহিন বাড়িতে ফোন করলে স্বজনরা এসে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, এখনো এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মেহেরপুরে চালকের সাহসিকতায় ইজিবাইক ফেলে পালাল ছিনতাইকারীরা



