আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় চলন্ত ট্রেনে কাটা পড়ে আয়মান (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দুপুর আনুমানিক ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়মান আলমডাঙ্গা উপজেলার দোয়ারপাড়া গ্রামের ওয়েল্ডিং মিস্ত্রি মো. সোহাগ আলীর একমাত্র সন্তান।
পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন আগে আয়মান তার মা এনি খাতুনের সঙ্গে আলমডাঙ্গার রাধিকাগঞ্জ পশুহাট সংলগ্ন এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে। ঘটনার সময় শিশুটি অসাবধানতাবশত রেললাইনের ওপর খেলছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দিলে শিশুটি লাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। সন্তানের মরদেহ দেখে শিশুটির মা এনি খাতুন অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ (জিআরপি) ঘটনাস্থলে এসে পরিদর্শন করে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।
গতকাল রবিবার বাদ মাগরিব নিহত শিশুর নিজ গ্রাম দোয়ারপাড়া গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।