আলমডাঙ্গা অফিস
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আলমডাঙ্গা উপজেলার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও পুলিশ সুপার। গতকাল শনিবার দুপুর ২টার দিকে জেলার শীর্ষ এই দুই কর্মকর্তা ভোটকেন্দ্র পরিদর্শনে বের হন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের অংশ হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন ও পুলিশ সুপার মনিরুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তাঁরা ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা, অবকাঠামোগত প্রস্তুতি, ভোট গ্রহণের পরিবেশ এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রম খতিয়ে দেখেন।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়, যাতে ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ও নির্ভয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
জেলা প্রশাসন ও জেলা পুলিশ সূত্রে জানানো হয়, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে মাঠপর্যায়ে নিয়মিত তদারকি ও নজরদারি অব্যাহত থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. বানী ইসরাইলসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলমডাঙ্গার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি



