দর্শনায় জামায়াতের নির্বাচনী অফিস উদ্বোধন ও মতবিনিময়

দর্শনা অফিস
বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন দলটির চুয়াডাঙ্গা জেলা আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন। শুক্রবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী দর্শনা পৌর শাখার ৭নং ওয়ার্ডের নির্বাচনী অফিস উদ্বোধন ও স্থানীয় হিন্দুধর্মাবলীদের সঙ্গে উঠোন বৈঠকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বাদ আসর শ্যামপুর উত্তরপাড়া জামে মসজিদে নামাজ শেষে তিনি কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, দর্শনা পৌর জামায়াতের আমীর ও সাবেক কমিশনার সাহিকুল আলম অপু, পৌর নায়েবে আমীর গোলজার হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা সভাপতি আজিজুল ইসলাম, জামায়াত নেতা আব্দুর রউফ, আমজাদ হোসেন, শাহাবুদ্দীন মুক্তি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি হাফেজ মহাসিন, আনোয়ার হোসেন দুলু সহ স্থানীয় ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
অফিস উদ্বোধন শেষে হিন্দুধর্মাবলীদের সঙ্গে মতবিনিময়কালে রুহুল আমিন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে দেশের মানুষের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। জামায়াত আগামীতে রাষ্ট্রক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত, শোষণহীন সমাজ গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, মায়ের গর্ভে সন্তান যেমন নিরাপদ থাকে, তেমনি জামায়াতে ইসলামীর শাসনব্যবস্থায় এ দেশের প্রতিটি মানুষ এবং প্রতিটি ইঞ্চি ভূমি—সব ধর্ম ও মতের মানুষ নিরাপদে থাকবে।
এসময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন ও সহযোগিতা প্রদানের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।