পদ্মবিলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন ভান্ডারদহ গ্রাম থেকে ইজিবাইকে ছাগল চুরি করার সময় দুই চোরকে স্থানীয় জনতা ধরে পুলিশে দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শংকরচন্দ্র ইউনিয়নের নতুন ভান্ডারদহ গ্রামের মাজেদ আলীর ছেলে ইছান আলীর একটি কালো রঙের ছাগল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বাড়ির পাশে রাস্তার উপর দাঁড়িয়ে ছিল। তখন দুই চোর ইজিবাইকে করে ছাগলটি চুরি করার চেষ্টা করলে গ্রামের লোকজন তাদের সন্দেহের ভিত্তিতে আটক করে।
সাধারণ জনতা ঘটনাটি ৯৯৯ নম্বরে জানালে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের এএসআই ওহিদুল ইসলাম ও ফোর্স সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দুই চোরকে আটক করে। আটককৃতরা হলেন নুরনগরের রহম আলীর ছেলে নিশান (২৬) এবং একই গ্রামের আব্দুর রহমানের ছেলে ইয়াসিন আলী (২৩)। পরে তাদের চুয়াডাঙ্গা সদর থানায় প্রেরণ করা হয়েছে।
ভান্ডারদহে ইজিবাইকে ছাগল চুরি করার সময় দুই চোর আটক



