আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার জামজামী ইউনিয়নের ঘোষবিলা এলাকায় অবস্থিত কে.ইউ.বি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ইটভাটার বৈধ কাগজপত্র ও পরিবেশগত ছাড়পত্র না থাকাসহ অবৈধভাবে ইটভাটা পরিচালনার প্রমাণ পাওয়ায় ভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম শাহনেওয়াজ মেহেদীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম শাহনেওয়াজ মেহেদী বলেন, জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইন অমান্য করে যারা পরিবেশ ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ ইটভাটা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান আগামীতে আরও জোরদার করা হবে।
আলমডাঙ্গার কে.ইউ.বি ইটভাটায় ৫০ হাজার টাকা জরিমানা



