দামুড়হুদায় মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে এক ফার্মেসিকে জরিমানা

স্টাফ রিপোর্টার

দামুড়হুদার উজিরপুর এলাকায় ভেজাল, নকল, আনরেজিস্টার্ড ও মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঔষধ প্রশাসন। গতকাল বুধবার বেলা ২ টা থেকে ৩ টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে আনরেজিস্টার্ড ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে এক ফার্মেসিকে জরিমানা আরোপ করা হয়। অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল।

উক্ত অভিযানে উজিরপুর এলাকার ‘সেবা ফার্মেসি’তে মেয়াদোত্তীর্ণ ও আনরেজিস্টার্ড ওষুধ মজুদ ও বিক্রয়ের প্রমাণ পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি উদ্ধারকৃত আনরেজিস্টার্ড ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। অভিযানকালে বিভিন্ন ফার্মেসিতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে সংরক্ষিত ও বিক্রয়ের উদ্দেশ্যে রাখা আনরেজিস্টার্ড ও মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার করা হয়। অভিযান শেষে সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং ওষুধ বিক্রয়ের ক্ষেত্রে আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। এসময় ঔষধ প্রশাসন ও দামুড়হুদা উপজেলা প্রশাসনহ দামুড়হুদা মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।