চুয়াডাঙ্গা দৌলতদিয়াড়ে আস সুফ্ফাহ রহমানিয়া কওমী মাদরাসায় নূরানী বিভাগের উদ্বোধন

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা শহরতলীর দৌলাতদিয়াড় এলাকায় অবস্থিত আস সুফ্ফাহ রহমানিয়া কওমী মাদরাসায় নূরানী বিভাগের শুভ উদ্বোধন উপলক্ষে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় দৌলাতদিয়াড় মাথাভাঙ্গা নদীর ধার আস সুফ্ফাহ রহমানিয়া কওমী মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে দ্বীনি শিক্ষা বিস্তারে নূরানী শিক্ষার অপরিহার্যতার ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা হাফিজুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা আফজাল হুসাইন কাসেমী, প্রতিষ্ঠাতা পরিচালক মাদরাসা আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.), কুষ্টিয়া। তিনি দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান যুগে শিশুদেরকে কুরআন ও সুন্নাহভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে নুরানী বিভাগের ভূমিকা অপরিসীম। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের দ্বীনি শিক্ষার প্রতি যত্নবান হওয়া ঈমানি দায়িত্ব।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আল্লাহর দরগাহ মাদরাসা, কুষ্টিয়ার শাইখুল হাদিস হযরত মাওলানা রফিকুল ইসলাম নদভী। তিনি  বলেন, নূরানী শিক্ষা হচ্ছে দ্বীনি শিক্ষার ভিত্তি। শৈশবেই বিশুদ্ধ কুরআনি তালীম ও ঈমানি চেতনা গড়ে তুলতে হলে নূরানী শিক্ষার বিকল্প নেই। তিনি প্রতিষ্ঠানটির সার্বিক কল্যাণ ও উন্নতি কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মারকাজুল উলুম আল ইসলামিয়া মাদরাসার পরিচালক মাওলানা আব্দুস সামাদ, দৌলাতদিয়াড় ফজলুল উলুম ক্যাডেট স্কিম মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা জহুরুল ইসলাম আজিজী, বিশিষ্ট আলেমে দ্বীন হাসানুজ্জামান সজীব, মাদরাসার মুতাওয়াল্লি আলহাজ্ব মো. ইমদাদুল হকসহ স্থানীয় উলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে উদ্বোধনী বক্তব্যে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. আসাবুল হক ফিরোজ নূরানী বিভাগ চালুকে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে আখ্যায়িত করেন। সভাপতির বক্তব্যে মাওলানা হাফিজুর রহমান বলেন, নববী যুগের আহলে সুফ্ফার আদর্শ অনুসরণ করেই আস সুফ্ফাহ রহমানিয়া কওমী মাদরাসা প্রতিষ্ঠা করা হয়েছে। শিশুদেরকে কুরআন ও সুন্নাহভিত্তিক আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে নূরানী বিভাগের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে এক সেট করে পাঠ্যবই বিতরণ করা হয়। একই সঙ্গে ‘সদায়ে সুফ্ফা’ নামের একটি নতুন সাময়িকীর মোড়ক উন্মোচন করা হয়। পরে প্রধান অতিথির দেশ জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।