দর্শনা অফিস
দর্শনা পৌর এলাকার শান্তিনগর গ্রামের মৃত মোজাহারের ছেলে শাহাদাত (৩০)। কিছুদিন আগেও যে মানুষটি সুস্থ শরীরে ভ্যান চালিয়ে সংসারের হাল ধরেছিলেন, তিনি মৃত্যুর সঙ্গে প্রতিদিন লড়াই করছেন হাসপাতালের বিছানায় শুয়ে। কঠোর পরিশ্রম করে দুই কন্যা সন্তানের মুখে হাসি ফোটানো সেই বাবাটির চোখে আজ শুধুই অসহায়ত্ব আর বাচার আকুতি।
দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত শাহাদাত বর্তমানে প্রায় ৮-৯ মাস ধরে শয্যাশায়ী। একাধিকবার ঢাকায় গিয়ে চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও নিয়মিত ডায়ালিসিস করাতে গিয়ে নিজের সব সঞ্চয় নিঃশেষ হয়ে গেছে। যা কিছু ছিল, সবই চলে গেছে চিকিৎসার পেছনে। এখন আর কিছুই অবশিষ্ট নেই।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, শাহাদাতকে বাচাতে একমাত্র উপায় কিডনি প্রতিস্থাপন (ট্রান্সপ্লান্ট)। এই অস্ত্রোপচারে প্রয়োজন প্রায় ৬ লক্ষ টাকা। কিন্তু দিনমজুর পরিবারের পক্ষে এই অর্থ জোগাড় করা প্রায় অসম্ভব হয়ে দাড়িয়েছে।
সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো, শাহাদাতের স্ত্রী দীপা আক্তার নিজের কিডনি দিতে প্রস্তুত। স্বামীর জীবন বাচাতে নিজের শরীরের একটি অঙ্গ দিতেও তার কোনো দ্বিধা নেই। কিন্তু নিষ্ঠুর বাস্তবতা হলো, অপারেশনের খরচ জোগাড় করার মতো অর্থ তাদের নেই। স্বামীর জীবন বাচাতে দীপা আক্তার এখন মানুষের দ্বারে দ্বারে ঘুরছে। আত্মীয়-স্বজন, পরিচিতজন, সহৃদয় মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়ে চলেছে। কিন্তু এত বড় অঙ্কের টাকা এখনো জোগাড় হয়নি। শাহাদাত বাচতে চায়। দীপা তার স্বামীকে বাচাতে চায়। দুটি নিষ্পাপ শিশু চায় তাদের বাবাকে।
কিন্তু সবচেয়ে ভয়ংকর বাস্তবতা হলো, শাহাদাতের হাতে সময় খুবই অল্প। চিকিৎসকেরা বলছেন, দেরি হলে ঝুকি আরও বেড়ে যাবে। সময়ের সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়ছে তার শরীরের অবস্থা। তাহলে অর্থের অভাবে কি থেমে যাবে শাহাদাতের জীবন?
এই অসহায় পরিবারটির পাশে দাড়ানো এখন সময়ের সবচেয়ে বড় মানবিক দায়িত্ব। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও সকল সহৃদয় মানুষের সহযোগিতা একান্ত প্রয়োজন। একটু সহানুভূতি, সামান্য আর্থিক সহযোগিতাই ফিরিয়ে দিতে পারে একটি পরিবারকে, বাচাতে পারে একটি তরতাজা জীবন। এমন কোনো মানবিক হৃদয়বান কি নেই, যিনি শাহাদাতের জীবনে নতুন আলো এনে দেবেন? তার সন্তানদের কাছে ফিরিয়ে দেবেন বাবা, আর দীপার কাছে তার প্রিয় স্বামীকে?
শাহাদাতের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করে মানবিক দৃষ্টান্ত স্থাপনের জন্য সকলের প্রতি বিনীত আবেদন জানানো হচ্ছে। যোগাযোগ: বিকাশ / নগদ (ব্যক্তিগত) : ০১৮৩৫-৮৫৪৫৩৩ (শাহাদাত)



