চুয়াডাঙ্গা পিটিআই মোড়ে বালিবাহী ট্রাকের সাথে মাছবাহী আলমসাধুর সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত, আহত-১

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের পিটিআই মোড়ে বালির ট্রাকের ধাক্কায় মাছবাহী আলমসাধুতে থাকা মোহাম্মদ আলী ফরাজি (৪০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত। দূর্ঘটনায় আলমসাধুর চালক জহুরুল ইসলাম আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় জেলার আলমডাঙ্গা উপজেলার পিটিআই মোড়ে  এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাগানমাঠ গ্রামের শামসুল হক ফরাজির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গার দিকে যাচ্ছিল মাছবাহী একটি আলমসাধু। এ সময় পিটিআই মাধবীতলার বাঁকে একটি ড্রাম ট্রাক মাছ বোঝাই আলমসাধুটিকে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশেই আলমসাধুটি উল্টে যায় এবং মাছ ব্যবসায়ী রাস্তায় পড়ে যান। পরে দ্রুতগতির ট্রাকটি মাছ ব্যবসায়ীকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী মোহাম্মদ আলী মারা যান। এ ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখে এবং কয়েকটি ট্রাকও আটকে রাখে। দুর্ঘটনার পর আহত চালক জহুরুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নেয়। এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করে। পরে নিহতের মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করে।
নিহতের প্রতিবেশী মোহাম্মদ দোদুল আহমেদ জানান, ঝিনাইদহ জেলার মহেশপুর থানার ৮ নম্বর বারাদি ইউনিয়নের বাগানমাঠ গ্রামের শামসুল হক ফরাজীর ছেলে মোহাম্মদ আলী ফরাজী জীবিকার তাগিদে মহেশপুর থেকে মাছ বিক্রি করতে আলমসাধু নিয়ে আলমডাঙ্গার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে একটি বালুবাহী ট্রাক তার আলমসাধুকে সজোরে ধাক্কা দিলে তিনি গাড়ি থেকে ছিটকে পড়েন। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, আমরা চুয়াডাঙ্গায় মাছ বিক্রি করতে এসে দুর্ঘটনার খবর পাই। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানতে পারি, মোহাম্মদ আলী ফরাজী ততক্ষণে মারা গেছেন। তবে দুর্ঘটনায় আহত আলমসাধুর চালক প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন জানান, সকাল ১০টার দিকে একটি মরদেহ হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হন। হাসপাতালে আনার পর প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। মরদেহটির আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয়েছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।