মেহেরপুর অফিস
দেশের চাবি আপনার হাতে স্লোগান নিয়ে মেহেরপুরে নির্বাচন সম্পর্কে সচেতনতা কার্যক্রম পরিচালনা করেছে ভোটের গাড়ি। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে জনসাধারণকে অবগত করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার বিকালে মেহেরপুরের ডক্টর শহীদ শামসুজ্জোহা পার্কে ভোটের গাড়ি সুপার কারাভেনে সচেতনতামূলক বিভিন্ন প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।
এসময় বিভিন্ন ডকুমেন্টরী ও তথ্য চিত্র দেখিয়ে জনগণকে নির্বাচনে করণীয় সম্পর্কে ধারণা প্রদান করা হয়। অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ নজরুল কবীর, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুনসহ জেলা ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এ সময় সংগীত পরিবেশন করা হয়। অংশগ্রহণকারীদের মতামত প্রদানের জন্য উন্মুক্ত লেখনি ক্যানভাস এবং মতামত বাক্সের ব্যবস্থা করা হয়। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে পরামর্শ দেন আগতরা। তবে গণভোট সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া জানান তারা। আগামী নির্বাচন সুষ্ঠু করতে সকলের ঐক্যবদ্ধ পদক্ষেপ দরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানায় জেলা প্রশাসন।
মেহেরপুরে নির্বাচনী সচেতনতায় ভোটের গাড়ি



