জীবননগরে ওয়াজ মাহফিল বন্ধের প্রতিবাদে গ্রামবাসীর প্রতিবাদ সভা

জীবননগর অফিস
জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের সুটিয়া গ্রামে ওয়াজ মাহফিল বন্ধের প্রতিবাদে গ্রামবাসীর উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সুটিয়া গ্রামের মেহগনি বাগানে গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, সুটিয়া হাফিজিয়া বহুমুখী মাদ্রাসার সভাপতি সেলিম রেজা, উপদেষ্টা আব্দুল গাফফার, সদস্য হাফেজ মাওলানা হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান খান নবাব, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রামবাসীরা। সভায় বক্তারা বলেন, প্রতি বছরের ন্যায় সুটিয়া হাফিজিয়া বহুমুখী মাদ্রাসার উন্নয়নের লক্ষ্যে গ্রামবাসীর পক্ষ থেকে একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। চলতি বছরের আয়োজিত ওই ওয়াজ মাহফিলটি গতকাল শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুফতি আমির হামজার।
কিন্তু মাহফিল শুরুর দুই দিন আগে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ওয়াজ মাহফিল আয়োজন করা যাবে না। হঠাৎ করে এমন সিদ্ধান্তে গ্রামবাসী গভীরভাবে মর্মাহত হয়েছে বলে বক্তারা জানান। বক্তারা আরও বলেন, ধর্মীয় কর্মকাণ্ডে এ ধরনের বাধা দেওয়া গণতান্ত্রিক ও ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী।
তারা একে ফ্যাসিবাদী মনোভাবের প্রতিফলন বলে উল্লেখ করে বলেন, ওয়াজ মাহফিল বন্ধের মতো ন্যাক্কারজনক ঘটনা শুধু সুটিয়া গ্রামের মানুষের অনুভূতিতেই আঘাত হানেনি, বরং পুরো মুসলিম সমাজকে কষ্ট দিয়েছে। সভা থেকে অবিলম্বে ওয়াজ মাহফিল আয়োজনের অনুমতি প্রদানসহ ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।