ঝিনাইদহ অফিস
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ ও ঝিনাইদহ-৪ আসনে চারজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের একজন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তিনজন স্বতন্ত্র প্রার্থী। গতকাল শনিবার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এ ঘোষণা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ। জেলা প্রশাসকের মিলনায়তন কক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে মনোনয়ন যাচাই বাছাইয়ের কার্যক্রম।
জেলা রিটার্নিং কার্যালয় থেকে জানানো হয়, ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী আলম বিশ্বাস ঋণখেলাপী। যে কারণে তার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। এছাড়া ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে ৩ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষনা করা হয়। প্রার্থীরা হলেন, ওবাইদুল হক রাসেল, মীর আমিনুল ইসলাম, মুর্শিদা খাতুন। হলফনামায় এই তিন স্বতন্ত্র প্রার্থী নীতিমালা অনুযায়ী নিজ আসনের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর ও ভোটার তথ্য যুক্ত করতে ব্যর্থ হওয়ায় তাদের মনোনয়ন পত্র বাতিল ঘোষনা করা হয়। এর মধ্যে গত বৃহস্পতিবার মনোনয়ন পত্র প্রত্যাহারের আবেদন করেন বিএনপির সাবেক সাংসদ শহিদুজ্জামান বেল্টুর স্ত্রী স্বতন্ত্র প্রার্থী মুর্শিদা খাতুন।
জেলার ৪টি সংসদীয় আসনে ২৭টি মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষনা করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহে ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল



