স্টাফ রিপোর্টার
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে চারটায় সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড দৌলতদিয়াড় কোরিয়াপাড়ায় এ দোয়া মাহফিলের আয়োজন করে স্থানীয় বিএনপি। ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিলন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপার্সনই নন, তিনি এ দেশের গণতন্ত্রের এক অবিচল প্রতীক। স্বাধীনতার পর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যাঁরা দেশ পরিচালনায় দৃঢ়তা, দেশপ্রেম ও আপসহীন নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন- বেগম খালেদা জিয়া তাঁদের অন্যতম। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর আদর্শ, তাঁর সংগ্রাম ও তাঁর ত্যাগ চিরদিন এ জাতিকে পথ দেখাবে। তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথে নেতৃত্ব দিয়েছেন, বারবার নির্যাতনের শিকার হয়েছেন, কারাবরণ করেছেন, কিন্তু কখনো মাথানত করেননি। দেশের মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় তিনি জীবনের শেষ দিন পর্যন্ত আপসহীন ছিলেন। রাষ্ট্রক্ষমতায় থাকাকালে তিনি গ্রামগঞ্জের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে যে ভূমিকা রেখেছেন, তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’
শরীফুজ্জামান শরীফ আরো বলেন, ‘আজকের এই দোয়া মাহফিল শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; এটি আমাদের জন্য আত্মসমালোচনারও সময়। বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের সবাইকে আরও ঐক্যবদ্ধ হতে হবে। তাঁর রেখে যাওয়া অসমাপ্ত কাজ- দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম- এ দায়িত্ব এখন আমাদের কাঁধে।’ ‘আমি চুয়াডাঙ্গার বিএনপির নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাই- ব্যক্তিগত মতভেদ ভুলে দলীয় ঐক্য সুসংহত করুন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বের পথ অনুসরণ করে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে আরও শক্তিশালী করুন। পরিশেষে, মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করি- তিনি যেন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীকে এই শোক সইবার শক্তি দান করেন।’
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা যুবদলের অর্থ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, সদর উপজেলা বিএনপির সহসভাপতি ইবাদত হোসেন, সহসভাপতি মিজানুর রহমান মিজান, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আখতিয়ার হোসেন আখতার, সদর উপজেলা যুবদলের সদস্যসচিব মহলদার ইমরান রিণ্টু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হাসান, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুজ্জামান ফরিদ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুউর রহমান রনা, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মজনুর রহমান, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, আলুকদিয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আপেল মাহমুদ, সদস্যসচিব ইউসুফ আলী প্রমুখ।
চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল



