আলমডাঙ্গায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা শাকিল গ্রেফতার

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলায় বাড়াদি ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাকিল (৫২) নামে এক নেতা গ্রেফতার করেছে। শুক্রবার দিবাগত রাতে আলমডাঙ্গা থানা পুলিশের একটি বিশেষ দল তাকে তার নিজ গ্রাম বাড়াদি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, বাড়াদি গ্রামের সৌরভের ছেলে শাকিল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, খাদিমপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মহাসীন আলী বাদী হয়ে ২০২৪ সালের ১০ নভেম্বর ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এজাহারে উল্লেখ করা হয়, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বেলা সাড়ে ৩টার দিকে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ইউনিয়ন পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে মহাসীন আলীসহ ৩০ থেকে ৪০ জন বিএনপি নেতাকর্মী খাদিমপুর ইউনিয়নের দিকে যাচ্ছিলেন। তারা পাঁচকমলাপুর গ্রামের হায়দার মোড়ে পৌঁছালে আওয়ামী লীগের উশৃঙ্খল নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় মারধর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলাকারীরা বিএনপি নেতাকর্মীদের পাঁচটি মোটরসাইকেল ছিনিয়ে নেয় বলেও এজাহারে উল্লেখ করা হয়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচাজ (ওসি) বানী ইসরাইল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে খাদিমপুর ইউনিয়ন বিএনপির পদযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনায় দায়ের করা নাশকতা মামলায় তাকে গ্রেফতার করে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।