আলমডাঙ্গায় হানেমা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় হানেমা ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর ও ঝিনাইদহ—এই চার জেলার মোট ৯৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৪০ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। গতকাল শুক্রবার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পারকুলা গ্রামে অবস্থিত স্কলার মডেল স্কুলে দুই শিফটে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।
পরীক্ষার সূচি অনুযায়ী সকাল সাড়ে আটটা থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা হয়।
এ সময় উপস্থিত আলমডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দিন বলেন- এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে করে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ বাড়ে এবং ভবিষ্যতে তারা আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত হয়।
স্কলার মডেল স্কুলের পরিচালক শাহাবুল হক বলেন-আমাদের প্রতিষ্ঠানে এ ধরনের একটি বৃহৎ পরিসরের বৃত্তি পরীক্ষা আয়োজন করতে পেরে আমরা গর্বিত। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা মূল্যায়নের পাশাপাশি তাদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থীর অভিভাবক নাহিদা আক্তার বলেন- হানেমা ফাউন্ডেশনের এই বৃত্তি পরীক্ষা আমাদের সন্তানদের জন্য বড় একটি সুযোগ। এতে তারা পড়ালেখায় আরও মনোযোগী হচ্ছে এবং ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাস পাচ্ছে। এমন আয়োজন অব্যাহত থাকলে মেধাবী শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে।
পরীক্ষা চলাকালে আলমডাঙ্গা পুলিশ ক্যাম্পের সদস্যরা দায়িত্ব পালন করেন এবংশিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে পরীক্ষা দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে ছিলেন। পরীক্ষা কেন্দ্রজুড়ে ছিল সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশ। দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও স্বেচ্ছাসেবকরা সার্বিকভাবে পরীক্ষা গ্রহণে সহযোগিতা করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।